বাগেরহাট পৌরসভায় বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা
বাগেরহাট পৌর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়া নিয়মিত দুর্ভোগে পরিণত হয়েছে। এদিকে বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পৌরবাসীর মধ্যে এ নিয়ে নতুন করে উদ্বেগও দেখা দিয়েছে।
জানা গেছে, সামান্য বৃষ্টিতেই খোদ পৌরসভা চত্বরসহ রাহাতের মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, সাধনার মোড়, পুরাতন কোর্ট মসজিদ সড়ক, জেলা প্রশাসকের বাংলো সড়ক, মাছ বাজার, কাঁচা বাজার, ফলপট্টি ও মিঠাপুকুরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।
ইজিবাইক চালক নূর ইসলাম বলেন, ১ ঘণ্টা বৃষ্টি হলেই পৌরসভার রাস্তা, সাধনার মোড়, রাহাতের মোড়সহ বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে যায়। অনেক সময় পানির তলে ভাঙ্গা রাস্তায় পড়ে গাড়ি উল্টে যায়। বর্ষাকালের আগেই যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এবছর আরও বেশি বিপাকে পড়তে হবে।
