সর্বশেষ
বরিশাল

বরগুনায় খালে মিললো ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ

08 Jun 2026 16 views

বরগুনায় নিখোঁজ হওয়ার পর মো. শামীম (৪০) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত তার মাথার সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গৌরীচন্না বাজার সংলগ্ন গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম স্থানীয় গৌরীচন্না বাজারে হাঁস-মুরগির ব্যবসার পাশাপাশি জমি কেনাবেচা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে বাজারে যান। রাত গভীর হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে শামীমের ছোট ভাই সোহেল গৌরীচন্না বাজারে গিয়ে স্থানীয়দের কাছে খোঁজ নেন। এ সময় কয়েকজন জানান, রাতে বাজার সংলগ্ন একটি ব্রিজের পাশে তাকে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। পরে ওই স্থানে গিয়ে রক্তের দাগ ও একটি জুতা দেখতে পান তিনি। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় খালের কচুরিপানার ভেতর থেকে শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা মরদেহটি শনাক্ত করেন।

Share: Facebook X WhatsApp