বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ বাজারে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ব্যবসায়ী মোছলেহ উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আলী আকবরের নামে ইজারাকৃত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক শতাংশ জমি দখল করেছেন বলে অভিযোগ।
এরই মধ্যে দখল করা জমিতে বিএনপি নেতা দুটি টিনশেড দোকানঘর নির্মাণ করেছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে শিক্ষক আকবর লক্ষ্মীপুর -৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে আলী আকবর উল্লেখ করেন, ১৯৭৫ সালে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তিনি তফশিলভুক্ত একটি ভূমি ইজারা নেন। এরপর থেকেই নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করে আসছেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ উত্তর বাজারে সড়কের পূর্ব পাশে তার দোকানঘরের জায়গাটি দীর্ঘদিন খালি পড়ে ছিল। বিএনপি নেতা মোছলেহ উদ্দিন ঈদুল আজহার বন্ধের সুযোগে তার ইজারাকৃত জমিটি রাতের আঁধারে দখল করেন। পরে সেখানে নির্মাণ করেন দুটি দোকানঘরন।
